কলকাতা: কাঞ্চন মল্লিকের ৬ লক্ষ টাকার বিল নিয়ে বিধানসভায় আলোচনা
কলকাতা: অভিনেতা থেকে রাজনীতিক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তিনি গত মাসে কন্যা সন্তানের বাবা হন, এবং সেই সন্তানের জন্মের খরচ হিসেবে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৬ লক্ষ টাকার একটি বিল জমা দিয়েছেন বিধানসভায়।
যদিও কাঞ্চন মল্লিক নিজে দাবি করেছেন, "আমি কোনও বিল জমা দিইনি।" তিনি জানান, "আমরা বিধায়ক হিসেবে একটি মেডিকেল সুবিধা পাই। সেই সুবিধা অনুযায়ী আমি শুধু খোঁজ নিয়েছিলাম যে বিলটা বিধানসভায় জমা দেওয়া সম্ভব কি না।" তিনি আরও বলেন, "যদি সেই বিল জমা দেওয়া হয়, তবে সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়।"
তৃণমূল নেতা কুণাল ঘোষও এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "কাঞ্চন মল্লিক কোনও বিল জমা দেননি, বরং তিনি আলোচনা করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে বিলটি বিধানসভায় জমা দেওয়া যাবে কিনা।"
তবে, বিধানসভায় বিধায়কদের জন্য স্বাস্থ্য সুবিধা রয়েছে, যার অধীনে তারা চিকিৎসা সংক্রান্ত খরচের বিল জমা দিতে পারেন। কাঞ্চন মল্লিক তার সদ্যজাত কন্যার জন্মের জন্য হাসপাতালের ৬ লক্ষ টাকার বিল জমা দিয়েছেন, যার মধ্যে চিকিৎসক ফি রয়েছে ৪ লক্ষ টাকা এবং বাকি ২ লক্ষ টাকার খরচ অন্যান্য ব্যবস্থাপনার জন্য।
বিধানসভার স্বাস্থ্য সুবিধা সংক্রান্ত নীতির মধ্যে কোনও নির্দিষ্ট উর্ধ্বসীমা নেই, তবে চশমার বিলের ক্ষেত্রে ৫ হাজার টাকার সীমা রয়েছে। এর আগে মানিকচক বিধায়িকা সাবিত্রি মিত্র ৫০ হাজার টাকার চশমার বিল জমা করেছিলেন, যার পরবর্তীতে চশমার বিলের জন্য ৫ হাজার টাকার সীমা নির্ধারণ করা হয়।
এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা সমস্ত কাগজপত্র যাচাই করব এবং যদি প্রয়োজন হয়, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করব।"
এখন প্রশ্ন উঠছে, ৬ লক্ষ টাকার বিল বিধানসভায় গ্রহণযোগ্য হবে কিনা, এবং বিধায়কদের স্বাস্থ্য সুবিধা নিয়ে আরও কড়াকড়ি প্রয়োজন কি না। এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনীতির অঙ্গনে।