বড়পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ-প্রিয়ঙ্কা,

11th October 2023 10:43 pm Entertainment
বড়পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ-প্রিয়ঙ্কা,


২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্যধারার ছবি 'কুরবান'। শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও প্রিয়ঙ্কা সরকারকে। লম্বা দাড়ি গোঁফ, পাজামা ফতুয়া পরে হাসানের চরিত্রে অঙ্কুশ ও গ্রামের সাধারণ বাড়ির বউ হিজলের চরিত্রে প্রিয়ঙ্কার লুক আগেই এসেছিল প্রকাশ্যে। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। 

 

'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে। সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই - তার মাসি। একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয়। টলমল পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল।

  

  কিন্তু অন্য জীবনবোধ হাসানকে বাকি সবার থেকে অনেকটা একা রাখে। যেমন সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম। কারণ খাবারের দাওয়াতে ডেকে তাদের মারা হয়। জীবনের শেষ লড়াই করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। জীবন হাসানকে আলাদাভাবে দেখে, সেও জীবনকে আলাদা চোখে দেখে। হাসানের কথায়, ব্যবহারে কীসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারে না হিজল। হাসান বিশ্বাস করে 'শুধু ভালবাসাই মানুষের ধর্ম...!' তারপর?

 

  তাঁর ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের জন্য যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়ঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। সৌভাগ্যবশত গল্প শোনার পর ওঁরা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিংয়ে, সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।' হাসান হিজল ছাড়াও ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন। 

 

এর আগে অঙ্কুশ ও প্রিয়ঙ্কা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।