সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিও' (Sajini Shinde Ka Viral Video) ছবিতে এখনের সমাজের সঙ্গে খুব ভাল সামঞ্জস্য বজায় রেখেছে। একাধিক দুর্দান্ত বার্তা দেয় এই ছবি কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের ভাল ছবি বেশিরভাগ ক্ষেত্রে ট্যুইটারে ট্রেন্ড হয়েই থেকে যায়, দর্শক পর্যন্ত পৌঁছয় না।
এই গল্প সজনী নামের এক শিক্ষিকার যিনি এক মারাঠি পরিবার থেকে আসেন। আইটি সংস্থায় কর্মরত এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা। অর্থাৎ এক সহজ সরল সাধারণ জীবন। এই শিক্ষিকা স্কুল থেকে এক ট্রিপে যান এবং সেখানে নেশার ঘোরে কয়েকজন পুরুষের সঙ্গে তিনি নাচে মেতে ওঠেন। সেই সময়ে তাঁর ভিডিও তৈরি হয় এবং তা ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। ভাইরাল হতেই সেই ভিডিও আলোড়ন ফেলে দেয় এবং সজনী হঠাৎই উধাও হয়ে যায়। প্রশ্ন ওঠে যে তাহলে কি সজনী আত্মহত্যা করেছেন, কোথায় সজনী এবং এটা কি কারও কোনও ষড়যন্ত্র? কীভাবে একটা ভাইরাল ভিডিও তাঁর জীবন বদলে দেয় সেই কাহিনিই বলেছে এই ছবি এবং তা বেশ আকর্ষণীয় পদ্ধতিতে দেখানো হয়েছে।
অনেকেই হয়তো এই ছবির নামও শোনেননি কারণ এতে কোনও বড় তারকা নেই, কিন্তু এটাই বোধ হয় এই ছবির সবচেয়ে বড় গুণ। এই ছবিতে তিন নায়িকা রয়েছেন এবং তাঁরাই এই ছবির প্রাণ। এই ছবি খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলে। চরিত্রদের সম্পর্কে বলার জন্য বিশেষ সময় নেওয়া হয়নি এবং খুব দ্রুতই এই ছবি মূল বক্তব্যে এসে পৌঁছয়। এরপর কী হতে চলেছে, সেই আকর্ষণ টানটান ধরে রাখতে পেরেছে। এই ছবি একইসঙ্গে একাধিক জরুরি বার্তা দেয়। ছবির একটি সংলাপে শোনা যায়, 'মহিলারা আধার কার্ড নন, যে যেখানে খুশি তাঁদের ব্যবহার করা যাবে', আর এটাই এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে মহিলাদের সঙ্গে যেমন খুশি ব্যবহার করা যায় না।