প্রশান্ত মহাসাগরে তৈরি হল আর এক নতুন দ্বীপ?

6th November 2023 7:53 pm Global News
প্রশান্ত মহাসাগরে তৈরি হল আর এক নতুন দ্বীপ?


সমুদ্রে নিমজ্জিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রশান্ত মহাসাগরে তৈরি হল নতুন দ্বীপ। জাপানের পূর্ব উপকূল সংলগ্ন সাগরে ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের মধ্যেই নতুন দ্বীপটি তৈরি হয়েছে। সমুদ্রের মাঝখান থেকে দ্বীপটিকে জেগে উঠতে দেখেছেন সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্রের মধ্যে তীব্র শব্দ করে অগ্নুৎপাত হয়। তার পর বালি ছিটকে উপরে উঠতে দেখা যায়। সে ভাবেই নতুন দ্বীপ জন্ম নিয়েছে।

জাপানের পূর্ব উপকূলের সমুদ্রে যে কিছু হতে চলেছে, গত কয়েক দিন ধরেই তার আভাস পেয়েছিলেন আবহবিদেরা। জাপানের মৌসম ভবন জানিয়েছে, ওগাসাওয়ারার আয়োটো দ্বীপে গত ২১ অক্টোবর থেকে কয়েক মিনিটের ব্যবধানে মৃদু ভূমিকম্প হচ্ছিল। তার পরেই অগ্নুৎপাতের খবর প্রকাশ্যে এসেছে। ওই দ্বীপে জাপানের নৌবাহিনীর একটি বিমান ঘাঁটি রয়েছে। তারাই জানিয়েছে, গত ১ নভেম্বর তাদের চোখের সামনে নতুন দ্বীপ গজিয়ে উঠেছে প্রশান্ত মহাসাগরে।

জাপান নৌবাহিনীর কয়েক জন সদস্য এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাঁরা জানিয়েছেন, আচমকা একটি প্রচণ্ড জোরালো শব্দ তাঁরা শুনতে পান সমুদ্রের দিক থেকে। তার পর দেখা যায় জল থেকে ছিটকে বালি। পরে শব্দ থামলে নতুন দ্বীপ গড়ে উঠতে দেখা গিয়েছে আয়োটোর কাছেই। ওই এলাকায় জলের নীচে একটি আগ্নেয়গিরির উপস্থিতি জানা ছিল সকলেরই। তার উৎসমুখের উপরেই নতুন দ্বীপটি গড়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। জাপান মৌসম ভবনের এক আধিকারিক বলেন, আগ্নেয়গিরি থেকে বিপুল পরিমাণে পাথর এবং বালি নিঃসৃত হয়েছে। সেগুলি সমুদ্রের তলদেশে জমতে জমতে এই দ্বীপটি তৈরি হয়েছে।

 

জাপানের ওই এলাকা ভূমিকম্পপ্রবণ। আগেও এ ভাবে সমুদ্রের মাঝে নতুন দ্বীপ সেখানে গড়ে উঠতে দেখা গিয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই সেগুলি কয়েক মাসের মধ্যে আবার সমু্দ্রে ডুবেও গিয়েছে। সমুদ্র সেখানে এমনিতেই উত্তাল। যে কারণে নতুন দ্বীপ থিতু হতে পারেনি। ওই এলাকায় অগ্নুৎপাতের কারণে আগামী কয়েক দিন ধোঁয়া এবং ছাই নিঃসৃত হবে বলে সতর্ক করেছে মৌসম ভবন।





Others News

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |


বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় খবর হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া প্রত্যক্ষ সংঘাত। গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর আজ পরিস্থিতি এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এখন শুধুই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা।

১. ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

আজকের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হলো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিমানি-র মৃত্যু। ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। তেহরানের পক্ষ থেকে একে "শহীদত্ব বরণ" হিসেবে অভিহিত করা হয়েছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

২. উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা

আজ ভোরে কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার সময় ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩. ইসরায়েলে পাল্টা আঘাত

ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেল আবিবের নিকটবর্তী রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা অত্যাধুনিক 'ক্লাস্টার ওয়ারহেড' ব্যবহার করে এই পাল্টা হামলা চালিয়েছে।

৪. বৈশ্বিক প্রভাব ও জ্বালানি বাজারে অস্থিরতা

এই যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

  • জ্বালানি সংকট: হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

  • দক্ষিণ এশিয়া: শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ইতোমধ্যেই ৪ দিনের কর্মদিবস ঘোষণা করা হয়েছে। ভারতেও রান্নার গ্যাস (LPG) সরবরাহে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

৫. বিশ্বশক্তির অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্র একাই সক্ষম এবং এ কাজে ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের নজর সরে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি।


দ্রষ্টব্য: পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও আপাতত শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।